প্রগতি ত্রিপুরা, ১৯ সেপ্টেম্বর, ২০২৬: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে এনডিএ শিবির। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে জোটের নির্বাচনী কৌশল, সাংগঠনিক অগ্রগতি এবং আসন সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজ্য বিজিপি সভাপতি অভিষেক দেবরায়।
এনডিএ-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনে জোট ভালো ফল করবে। আইপিএফটি-কে সঙ্গে নিয়ে পাহাড় ও সমতল—দুই এলাকাতেই সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, রাজ্যে প্রায় ৬০ শতাংশ সাংগঠনিক কমিটি গঠনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি মোর্চা ও মণ্ডল পর্যায়ের কমিটিগুলির গঠনপ্রক্রিয়া আগামী ৩০ তারিখের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর রাজ্যজুড়ে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ এবং কর্পোরেশন, মিউনিসিপ্যাল কাউন্সিল ও নগর পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া শুরু হবে।
গত তিন মাসে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গতি এসেছে বলে নেতৃত্বের দাবি। বিরোধীদের বিভিন্ন অভিযোগের জবাব রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্য ও নথির মাধ্যমে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আসন সমঝোতা এবং নির্বাচনী কৌশল নিয়ে নেতৃত্বের বক্তব্য, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে। সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নির্দেশনাকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নির্বাচনের আগে সংগঠনকে আরও সক্রিয় করে বুথ ও মাঠপর্যায়ে কর্মীদের নিয়ে মানুষের কাছে পৌঁছানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এনডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে। জোটের নির্বাচনী প্রস্তুতি আগামী দিনে আরও জোরদার হবে বলেও নেতৃত্বের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে।








