ক্লাস চলাকালীন আচমকা শ্বাসকষ্ট ও খিঁচুনি, বিলোনিয়ায় অসুস্থ ১৩ শিক্ষার্থী! শিক্ষকদের ভূমিকায় ক্ষুব্ধ অভিভাবকরা

প্রগতি ত্রিপুরা, ০২ সেপ্টেম্বর, ২০২৬: শ্রেণীকক্ষে ক্লাস চলাকালীন আচমকাই শ্বাসকষ্ট ও হাত-পা খিঁচে একের পর এক শিক্ষার্থী সংজ্ঞা হারিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বুধবার দুপুরে বিলোনিয়া মহকুমার উত্তর ভারত চন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অসুস্থ হয়ে পড়া মোট ১৩ জন শিক্ষার্থীকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২ জন ছাত্রী এবং ১ জন ছাত্র রয়েছে। তারা সকলেই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ করেই প্রায় ৮ জন শিক্ষার্থী তীব্র শ্বাসকষ্ট, বুক জ্বালা ও হাত-পা খিঁচুনির উপসর্গ নিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই নিয়ে পরপর দু’বার একই বিদ্যালয়ে এমন রহস্যজনকভাবে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটলো, যা স্বাভাবিকভাবেই চরম উদ্বেগ তৈরি করেছে।

এদিকে ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লেও শিক্ষকদের তরফে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসার মতো কোনো তড়িঘড়ি উদ্যোগ দেখা যায়নি। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে অভিভাবক ও স্থানীয়রাই অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা সেখানে পৌঁছান।

সংবাদ পেয়ে তড়িঘড়ি বিলোনিয়া হাসপাতালে ছুটে আসেন জেলা শিক্ষা আধিকারিক (DEO) এবং বিলোনিয়া মহকুমা শাসক (SDM)। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি কী কারণে এবং কীভাবে এতজন শিক্ষার্থী একসাথে অসুস্থ হয়ে পড়লো, সে বিষয়ে তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন ও শিক্ষা দপ্তর।

Leave a Comment