সোণামুড়ায় যৌথ অভিযানে প্রায় ১৫ কোটি টাকার শুকনো গাঁজা উদ্ধার, চাঞ্চল্য

প্রগতি ত্রিপুরা, ৩১আগস্ট, ২০২৬: সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের পরিকল্পনায় বড়সড় ধাক্কা দিল যৌথ বাহিনী। গোপন সূত্রে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে গভীর রাতে চালানো এক ঝটিকা অভিযানে উদ্ধার হলো সাড়ে ১৫ কোটি টাকারও বেশি মূল্যের শুকনো গাঁজা।

ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার সোনামুড়া থানা এলাকার অন্তর্গত মতিনগর উত্তরপাড়ায়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের পরিমাণ প্রায় ৭৭৭ কেজি ৬০০ গ্রাম, যা আন্তর্জাতিক ও কালোবাজারে প্রায় ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের বলে আনুমানিক ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, উত্তরপাড়ার ফাঁকা মাঠে বিপুল পরিমাণ মাদক মজুত করে রাখার গোপন খবর পৌঁছায় নিরাপত্তা বাহিনীর কাছে। এরপরই কালবিলম্ব না করে এক সমন্বিত অভিযানের নীল নকশা তৈরি হয়। রাতের অন্ধকারে সোনামুড়া থানার পুলিশ বাহিনী, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের (টিএসআর) ১১ নম্বর ব্যাটালিয়ন যৌথভাবে ওই এলাকায় ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।

তল্লাশি চলাকালীন মাঠের এক কোণে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিভিন্ন আকারের ২৯টি প্লাস্টিকের ড্রামের সন্ধান পান জওয়ানরা। ড্রামগুলির মুখ খুলতেই বেরিয়ে আসে ঠাসা অবস্থায় রাখা বিপুল পরিমাণ শুকনো গাঁজা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি আনুষ্ঠানিকতা পালনের পর গাঁজার ওজন করা হলে দেখা যায় তার মোট পরিমাণ ৭৭৭ কেজি ৬০০ গ্রাম। উদ্ধারকৃত ড্রামগুলির কোনো প্রত্যক্ষ মালিক বা দাবিদার না মেলায় আইনানুযায়ী সেগুলিকে বেওয়ারিশ সম্পত্তি হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে।

এত বিপুল পরিমাণ মাদক এক জায়গায় মজুত রাখার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গেছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের ধারণা, সীমান্ত পেরিয়ে সীমান্তপাড়ের দেশে কিংবা দেশের অন্যান্য প্রান্তে পাচারের উদ্দেশ্যেই এই বিশাল চালান জমা করা হয়েছিল। এই ঘটনার নেপথ্যে কোন বড়সড় আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক পাচার চক্র সক্রিয় রয়েছে কি না, কিংবা এই মজুতের মূল কারিগর কারা—তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের গতি বাড়িয়েছে সোনামুড়া থানার পুলিশ।

গভীর রাতের এই সফল যৌথ অভিযান মাদক কারবারীদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া হুঁশিয়ারি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment