রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩১আগস্ট, ২০২৬: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি হচ্ছে মোহনপুর বাইপাস, খোয়াই বাইপাস, খয়েরপুর-আমতলি বাইপাস এবং বিশালগড় বাইপাস। আরও দুটি বাইপাস নির্মাণের প্রস্তাব এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এগুলির বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) বর্তমানে প্রস্তুত করা হচ্ছে।

এগুলি হবে আগরতলা-বাইপাস (পশ্চিম শাখা) এবং আগরতলা পূর্বাঞ্চলীয় বাইপাস। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক স্বপ্না মজুমদারের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চার লেন বিশিষ্ট আগরতলা বাইপাস (পশ্চিম শাখা) সড়কের ডিপিআর বর্তমানে প্রস্তুত করা হচ্ছে। এর আনুমানিক দৈর্ঘ্য হবে ২৫.৪০২ কিলোমিটার। সড়কটি ৮ নং জাতীয় সড়কের আমতলি অংশ থেকে শুরু হবে।

এরপর আগরতলা শহরের পশ্চিম প্রান্ত দিয়ে অগ্রসর হয়ে লেম্বুছড়ার ১০৮বি জাতীয় সড়কে গিয়ে মিলিত হবে। মুখ্যমন্ত্রী বলেন, এই সড়কটি নির্মিত হলে পশ্চিম প্রান্ত দিয়ে দূরপাল্লার যানবাহন অনায়াসে চলাচল করতে পারবে। ফলে আগরতলা শহরের আভ্যন্তরীণ যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। তিনি জানান, চার লেন বিশিষ্ট আগরতলা পূর্বাঞ্চলীয় বাইপাস সড়কটিরও ডিপিআর তৈরির কাজ চলছে। এর নির্ধারিত দৈর্ঘ্য হবে ২২.১০২ কিলোমিটার।

সড়কটি লেম্বুছড়ার ১০৮বি জাতীয় সড়ক থেকে যাত্রা শুরু করবে। এরপর আগরতলা শহরের পূর্ব দিক দিয়ে খয়েরপুর ছুঁয়ে পুনরায় আমতলির ৮ নং নম্বর জাতীয় সড়কে গিয়ে মিশবে। এই বাইপাসটি চালু হলে শহরের পূর্ব দিকের যানবাহন চলাচলের উপর চাপ সম্পূর্ণ দূর হবে এবং আগরতলার যানজট অনেকাংশে লাঘব হবে।

Leave a Comment