বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে সোনামুড়ায় তুলকালাম: বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে সাধারণ মানুষের বিক্ষোভ

প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: গ্রাহকদের অন্ধকারে রেখে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সোচ্চার হলেন সোনামুড়ার সাধারণ মানুষ। লাগামহীন বিদ্যুৎ বিল এবং জোরপূর্বক স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ নিগমের কার্যালয়ে তালা ঝুলিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় অধিবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো রাজনৈতিক দল নয়, বরং ভুক্তভোগী সাধারণ নাগরিকেরা একজোট হয়ে এ দিন বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দিতে আসেন। অভিযোগ, সকাল ১১টা ২০ মিনিট বেজে গেলেও দফতরে অনুপস্থিত ছিলেন ম্যানেজার। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত গ্রাহকেরা। এরপরই তারা মূল ফটকে তালা ঝুলিয়ে বিদ্যুৎ নিগম ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুড়া থানার পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, গত দু’মাস ধরে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। যেসব দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাসিক আয় মাত্র ৫ থেকে ৭ হাজার টাকা, এতদিন তাদের বিল ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে থাকত। কিন্তু বর্তমানে তা এক লাফে ১৮০০ থেকে ২৫০০ টাকায় গিয়ে ঠেকেছে। প্রতি ইউনিটে মূল্য ২-৩ টাকা থেকে বাড়িয়ে ৯-১০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে দু’ মাসের বিল একসঙ্গে বকেয়া হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে গ্রাহকরা তীব্র কটাক্ষ করেন। মন্ত্রীর দাবি ছিল— ‘দফতর বিল বাড়ায় না’। এর জবাবে গ্রাহকদের প্রশ্ন, “যদি মন্ত্রী বা দফতর বিল না বাড়ায়, তবে কি সাধারণ মানুষ নিজের ইচ্ছায় বিল বাড়াচ্ছে?” পাশাপাশি, পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার চালু না হওয়া সত্ত্বেও কেন ত্রিপুরার দরিদ্র মানুষের ওপর প্রিপেইড মিটারের নাম করে মাসে হাজার হাজার টাকার বোঝা চাপানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, পাহাড়ি ও গ্রামীণ এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বা হুকিং বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে দফতর। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালিয়েও বিদ্যুৎ নিগম যা রুখতে পারেনি, সেই লোকসানের দায় এখন বৈধ গ্রাহকদের পকেট কেটে পূরণ করা হচ্ছে।

অবিলম্বে বর্ধিত বিদ্যুৎ বিল পুনর্মূল্যায়ন ও স্মার্ট মিটারের চাপ সৃষ্টি বন্ধ করা না হলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সোনামুড়ার ক্ষুব্ধ নাগরিকেরা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী