হোস্টেলে অব্যবস্থার অভিযোগে কড়া পদক্ষেপ: কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রগতি ত্রিপুরা, ০৩ আগস্ট, ২০২৬: গতকাল আগরতলা ড. বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে রান্নার কাজে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে খাবার চুরির অভিযোগে আজ হোস্টেল পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ছাত্রছাত্রীদের হোস্টেলে খাবারের অনিয়ম ও সার্বিক অব্যবস্থা নিয়ে কড়া বার্তা দেওয়া হলো। সংবাদের মাধ্যমে অভিযোগ নজরে আসতেই জেলা কল্যাণ আধিকারিক (District Welfare Officer) ও অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে সরজমিনে পরিদর্শনে যান সংশ্লিষ্ট প্রতিনিধি।

পরিদর্শন শেষে জানানো হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন এবং লক্ষ্য অনুযায়ী ছাত্রছাত্রীদের সুবিধার জন্য দৈনিক বৃত্তির (Stipend) পরিমাণ বাড়িয়ে প্রতিজনে ১০০ টাকা করা হয়েছে। তা সত্ত্বেও হোস্টেলে শিক্ষার্থীদের খাবারের গুণগত মানে পরিবর্তন আসেনি এবং প্রয়োজনীয় বরাদ্দ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছে না। উপরন্ত, রাঁধুনিদের বিরুদ্ধে দৈনিক রান্নার উপকরণ যেমন পেঁয়াজ, লবণ, আলু ও শাকসবজি সরিয়ে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে, যা শিক্ষার্থীদের প্রাপ্য খাবার থেকে বঞ্চিত করছে।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আধিকারিকদের দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষিকা অসুস্থতার কারণে সঠিকভাবে নজরদারি চালাতে ব্যর্থ হওয়ায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বক্তব্য সূত্রে জানানো হয়, “তপশিলি জাতি ও তপশিলি উপজাতি (SC/ST) সম্প্রদায়ের এই ছেলেমেয়েরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পড়াশোনা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা না করা হলে তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে।” আগামীকালের মধ্যে হোস্টেলের খাবারের মান এবং সমস্ত প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক করার জন্য সংশিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী