আমাদের লক্ষ্য একটি উন্নত, আত্মনির্ভর, স্বচ্ছ, ডিজিটাল ও শক্তিশালী গ্রাম গড়ে তোলা: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৬: আজ মোহনপুর ব্লকের অন্তর্গত বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। এ উপলক্ষে বিজয়নগর এস.বি. স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বিজয়নগর গ্রাম পঞ্চায়েত আজ সার্বিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অবকাঠামো, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং ডিজিটাল পরিষেবা-প্রতিটি ক্ষেত্রেই এই গ্রাম পঞ্চায়েত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

আজ এই পঞ্চায়েতে ৪৮০ জন লাখপতি দিদি তৈরি হয়েছে, যা নারীদের আর্থিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার এক অনন্য উদাহরণ। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও বিজয়নগর গ্রাম পঞ্চায়েত ধারাবাহিকভাবে উন্নতির পথে এগিয়ে চলেছে। ডিজিটাল পরিষেবা প্রদানে অসামান্য সাফল্যের জন্য বিজয়নগর গ্রাম পঞ্চায়েত জাতীয় স্তরে সম্মান অর্জন করেছে। ই-সিস্টেম বাস্তবায়নে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ৫ লক্ষ টাকার পুরস্কার লাভ করেছে। একই সঙ্গে রাজ্যের পঞ্চায়েত দপ্তরও দেশের বিভিন্ন ক্ষেত্রে মোট ৪৯টি জাতীয় পুরস্কার অর্জন করে রাজ্যের গৌরব বৃদ্ধি করেছে।

কৃষিমন্ত্রী বলেন, একটি উন্নত ও শক্তিশালী পঞ্চায়েত গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সকলকে পঞ্চায়েতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এলাকার উন্নয়নের রূপরেখা তৈরি করতে হবে এবং সেই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে হবে। পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি করার দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। এই আয় জনসাধারণের উন্নয়ন, কল্যাণমূলক প্রকল্প এবং স্থানীয় অবকাঠামোর উন্নয়নে ব্যয় করতে হবে। রাজ্য সরকার সর্বস্তরের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে চলেছে।

মানুষের গড় আয় বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মাথাপিছু আয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্য একটি উন্নত, আত্মনির্ভর, স্বচ্ছ, ডিজিটাল ও শক্তিশালী গ্রাম গড়ে তোলা। গ্রাম শক্তিশালী হলে পঞ্চায়েত শক্তিশালী হবে, পঞ্চায়েত শক্তিশালী হলে রাজ্য শক্তিশালী হবে, আর রাজ্য শক্তিশালী হলেই দেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে। বক্তব্য রাখেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাস, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপারসন শংকর দেব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও সমাহর্তা ডা. বিশাল কুমার, মোহনপুর মহকুমার মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর ব্লকের বিডিও গোপালকৃষ্ণ দত্ত এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সরকার। ‘বুটিক পঞ্চায়েতের পথে যাত্রা’ শীর্ষক একটি তিন মিনিটের অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শিত হয়, যেখানে বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এলাকার শিল্পীরা ঝুমুর নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ও সাফল্য অর্জনকারী ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন ৫ জন ১০০ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিক, ৬ জন সফল চোখের ছানি অস্ত্রোপচারের সুবিধাভোগী, মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৫ জন মেধাবী শিক্ষার্থী, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৫ জন মেধাবী শিক্ষার্থী এবং বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাপন সূত্রধর।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী