প্রগতি ত্রিপুরা, ২৪ জুলাই, ২০২৬: রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক ৬৫ বছরের বৃদ্ধার! ঘটনা মেলাঘর থানা এলাকার কলমখেত মুড়াপাড়া তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে। মৃত মহিলার নাম চন্দ্রবান বিবি। ঘাতক বাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও, খবর পেয়ে তদন্তে নেমেছে মেলাঘর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রতিদিনের মতোই দোকান থেকে কাজকর্ম সেরে রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন ৬৫ বছরের চন্দ্রবান বিবি। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইক সজোরে ধাক্কা মারে তাঁকে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন চন্দ্রবান বিবি। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান মেলাঘর হাসপাতালে।
কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা কালবিলম্ব না করে তাঁকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক বাইক আরোহী নিজের বাইক নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ঘটনার খবর পেয়েই মেলাঘর থানার পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের চরম অভিযোগ, মূল সড়কটি সাম্প্রতিক সময়ে ভালো হওয়ায় এই রাস্তায় যানবাহন ও বাইক চালকরা অবাধে বেপরোয়া গতিতে যাতায়াত করে। জার ফলে পথচারীদের জীবন ঝুঁকিতে পড়ছে।
একটি মুহূর্তের বেপরোয়া গতি কেড়ে নিল একটি তাজা প্রাণ। চন্দ্রবান বিবির এই আকস্মিক মৃত্যুতে গোটা তেলকাজলা এলাকায় জুড়ে এখন শোকের মাতম।








