ত্রিপুরায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পরিষেবায় নতুন অধ্যায়: ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস

প্রগতি ত্রিপুরা, ২৪ জুলাই, ২০২৬: ​​রাজ্যের প্রাণীদ্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস ৫০টি ব্লক-স্তরের ‘মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট’-এর শুভ উদ্বোধন করেন এবং সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল, সহ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রায় ৩০০ জন কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে উপস্থিত জনসমাবেশকে সম্বোধন করে মাননীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী শ্রী সুধাংশু দাস রাজ্যের প্রাণীপালকদের দোরগোড়ায় আধুনিক, সহজলভ্য ও কৃষকবান্ধব প্রাণিচিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে প্রাণীস্বাস্থ্যের উন্নয়ন, প্রাণীমৃত্যুর হার হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাণীপালকদের আয় ও জীবিকার আরও উন্নতি হবে।

অনুষ্ঠানের বর্ধিত পর্বে মাননীয় মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ এই গুরুত্বপূর্ণ জনপরিষেবা প্রকল্পের সূচনা প্রতীক হিসেবে মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটগুলির চালকদের হাতে প্রতীকী চাবি তুলে দেন। উল্লেখ্য, প্রাণীপালকদের দোরগোড়ায় সময়মতো এবং সহজলভ্য জরুরি প্রাণিচিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ত্রিপুরা সরকার ইতিমধ্যেই রাজ্যে ১৩টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করেছে যা রাজ্যজুড়ে দ্রুত প্রাণী চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

সেই উদ্যোগের সাফল্যের ধারাবাহিকতায় এবার আধুনিক প্রাণিচিকিৎসা সরঞ্জামসমৃদ্ধ ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হলো, যা রাজ্যের প্রতিটি ব্লকে আরও দ্রুত, সহজলভ্য ও কার্যকর প্রাণিচিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে। ১৯৬২ টোল-ফ্রি ভেটেরিনারি হেল্পলাইনের সঙ্গে সংযুক্ত এই ইউনিটগুলির মাধ্যমে প্রাণীর চিকিৎসা, সরুরি প্রাণিচিকিৎসা পরিষেবা, টিকাকরণ, কৃমিনাশক প্রদান, কৃত্রিম প্রজনন, গর্ভধারণ পরীক্ষা, রোগ পর্যবেক্ষণসহ বিভিন্ন অত্যাবশ্যক প্রাণিচিকিৎসা পরিষেবা সরাসরি প্রাণীপালকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী