প্রশ্নপত্র ফাঁস নিয়ে কঠোর সিদ্ধান্ত: ফাস্ট ট্র্যাক কোর্ট ও নতুন বিলের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ২৪ জুলাই, ২০২৬: ​​পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কোনো সাধারণ বিষয় নয় বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই ধরনের ঘটনা লাখ লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। ​প্রধানমন্ত্রী জানান, গত আড়াই মাসে সরকার একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে।

অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তারা বর্তমানে কারাগারে রয়েছে। তবে সরকারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়। সেই কারণেই দ্রুততম সময়ে ২২ লাখেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় সম্পন্ন করা হয়েছে এবং গত ১৯ জুলাই তার ফলও প্রকাশ করা হয়েছে।

​তবে কেবল তাতেই থেমে থাকতে রাজি নয় কেন্দ্র। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ (Fast-Track Court) গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশমতো সংশ্লিষ্ট বিভাগগুলি কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল প্রস্তুত করেছে।

​কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে আলোচনার পর এই বিলকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। সংসদ অধিবেশনের দ্বিতীয় সপ্তাহে সোমবারেই বিলটি পেশ করে দ্রুত পাস করানোর চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী