প্রগতি ত্রিপুরা, ২৪ জুলাই, ২০২৬: ঝুঁকি নিয়েই শতশত মানুষের পারাপার, মেরামতের অভাবে মরণফাঁদে মধুবনের ঝুলন্ত সেতু!!গোমতী নদীর উপর মধুবনে অবস্থিত ঝুলন্ত সেতুটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। মেরামতের অভাবে সেতুটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। তবুও প্রতিদিন ঝুঁকি নিয়েই শতশত মানুষকে এই সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে।
বরনারায়ন, গরুরবান্দ ও বেজিমারা এই তিন গ্রামের বাসিন্দারা কাজ, বাজার ও চিকিৎসার জন্য সোনামুড়া আসেন এই সেতু দিয়েই। সেতুর উপর দিয়েই রয়েছে সোনামুড়া ডিগ্রি কলেজে যাওয়ার একমাত্র সহজ রাস্তা। তাই কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতুর উপর ভরসা করে যাতায়াত করছে।
সবচেয়ে বড় সমস্যা হল দায়িত্ব নিয়ে টানাপোড়েন। কাঁঠালিয়া ব্লক প্রশাসন বলছে এটি নগর পঞ্চায়েতের আওতায়, আবার সোনামুড়া নগর পঞ্চায়েত বলছে এটি ব্লকের দায়িত্ব। এই ঠেলাঠেলির মাঝেই নীরব প্রশাসন।
এলাকাবাসী বরনারায়ন গ্রামের রমেশ দেবনাথ বলেন, “এই সেতু ভেঙে কবে বড় দুর্ঘটনা ঘটবে কেউ জানে না। বাচ্চা থেকে বয়স্ক সবাই এখান দিয়ে যায়। আমরা বারবার আবেদন করেছি, কিন্তু কেউ সারায় না।”. এমনিতেই ছোট ছোট দুর্ঘটনা লেগে রয়েছে । শিক্ষার্থী ও সাধারণ মানুষের দাবি, অবিলম্বে সেতুটি মেরামত করা হোক। না হলে বিকল্প ব্যবস্থা করা হোক। অন্যথায় যেকোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।








