চাকরির প্রলোভনে অপহৃত তিন নাবালিকা গুজরাট থেকে উদ্ধার!

প্রগতি ত্রিপুরা, ২ জুলাই ২০২৬: চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল ধলাই জেলার গঙ্গানগর থানার নিয়ামজয় পাড়ার তিন নাবালিকা। তবে ধলাই জেলা পুলিশ ও গুজরাট পুলিশের যৌথ তৎপরতায় শেষ পর্যন্ত নিরাপদে উদ্ধার করা হয়েছে তাদের।

পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার মুকেশ রিয়াং নামের এক যুবক বহিরাজ্যে কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তিন নাবালিকাকে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে গঙ্গানগর থানায় মামলা রুজু হতেই তদন্ত শুরু করে পুলিশ।

মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্ত আগরতলা থেকে কলকাতা হয়ে আহমেদাবাদে পৌঁছেছে। এরপরই গুজরাটের আমদা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

দ্রুত অভিযানে তিন নাবালিকা সহ চারজনকে আটক করা হয়।ইতিমধ্যে গঙ্গানগর থানার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর স্বপন দেববর্মার নেতৃত্বে একটি পুলিশ দল গুজরাটে পৌঁছেছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে এনে ত্রিপুরায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান, এই অভিযানে গুজরাট পুলিশ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃরাজ্য সমন্বয়ের ফলেই অল্প সময়ের মধ্যে তিন নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Leave a Comment