প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: সারা রাজ্যে আজ বিভিন্ন ব্লক, মহকুমা ও জেলায় ১২ তম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক যোগা দিবসের মূল থিম হল- সুস্থ বার্ধক্যের জন্য যোগ ব্যায়াম। তেলিয়ামুড়া: আজ তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাকেন্দ্র প্রাঙ্গণে তেলিয়ামুড়া মহকুমাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এই আন্তর্জাতিক যোগা দিবসের উদ্বোধন করে ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক তথা বিধায়ক কল্যাণী সাহা রায় বলেন, যোগ ব্যায়াম ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি ও জীবন দর্শনের এক অমূল্য সম্পদ। হাজার হাজার বছর আগে আমাদের মুনি ঋষিরা নিয়মিত যোগ চর্চার মাধ্যমে সুস্থ সবল ও দীর্ঘায়ু জীবনযাপন করতেন, যা আজও প্রাসঙ্গিক রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ ও প্রচেষ্টার ফলেই যোগ ব্যায়াম আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এবং বিভিন্ন দেশে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে। তেলিয়ামুড়া মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, তেলিয়ামুড়া পুরপরিষদ এবং তেলিয়ামুড়া ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূদন রায়, পুরপরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, কাউন্সিলর নীতিন কুমার সাহা, তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নন্দন রায়, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার সরকার, মহকুমা শাসক কার্যালয়ের ডি.সি জিনিয়াস দেববর্মা, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ যোগ ব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারপার্সন রাপক সরকার। স্বাগত বক্তব্য রাখেন তেলিয়ামুড়া মহকুমার ক্রীড়া আধিকারিক ধরণী দাস। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সরকারি দপ্তরের কর্মচারী, সিআর.পি. এফ, টিএসআর বাহিনীর জওয়ানগণ, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়াকাণ যোগ ব্যায়ামের ২১টি ধাপ অনুশীলন করেন। আজ মূল অনুষ্ঠান শুরুর আগে আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি আয়োজিত হয়।
জিরানীয়া: জিরানীয়াস্থিত বীরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় প্রাঙ্গণে আজ আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। জিরানীয়া মহকুমাভিত্তিক এই যোগা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঐকান্তিক উদ্যোগে ও দূরদর্শী নেতৃত্বের ফলেই প্রতি বছর ২১ জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হচ্ছে। তিনি বলেন, যোগা ভারতবর্ষের এক প্রাচীন ও গৌরবময় ঐতিহ্য, যা দেশের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
সুদীর্ঘকাল ধরে ভারতীয় মুনি ঋষিরা যোগ চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ স্বাস্থ্যবান ও সংযম রাখার সাধনা করে এসেছেন। সেই সমৃদ্ধ উত্তরাধিকার আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি এই যোগাভ্যাস সকলকে নিয়মিত করার জন্য অনুরোধ জানান। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে, জিরানীয়া মহকুমা প্রশাসন ও জিরানীয়া ব্লকের যৌথ উদ্যোগে আজ এই আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ।
কুমারঘাট: কুমারঘাট মহকুমাভিত্তিক ১২তম আন্তর্জাতিক যোগা দিবস আজ গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করে কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিন অন্যান্য কাজের সাথে যোগাসনকেও যুক্ত করতে হবে। সুস্থ থাকলে হলে যোগচর্চা অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, যোগব্যায়াম শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। তিনি বলেন, পরিবেশকে সুস্থ রাখতে নেশামুক্ত অভিযান, বাল্যবিবাহ রোধের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধেও সবাইকে এগিয়ে আসতে হবে।
এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী পবিত্র দেবনাথ। উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শংকর দেব, কুমারঘাট ব্লকের বিডিও সুশান্ত দত্ত, ক্রীড়া আধিকারিক পূজায়িতা দেব, সমাজসেবী অনিমেষ সিনহা প্রমুখ। অনুষ্ঠানে নেশামুক্ত অভিযানের বিষয়ে শপথবাক্য পাঠ করান চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস। পরে যোগাসন প্রশিক্ষক প্রীতম শব্দকর ও রুলি সিনহা অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ ও ছাত্রছাত্রীদের যোগাসন করান।
বিলোনীয়া: আজ বিলোনীয়ার বি.কে.আই সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে দক্ষিণ জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় আজ এই দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই আন্তর্জাতিক যোগা দিবসের সূচনা হয়। আজ বিশ্বের বিভিন্ন দেশে এই দিবস পালন করা হচ্ছে। তিনি বলেন, যোগ ব্যায়াম মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শক্তি ও একাগ্রতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই সকলকে তিনি নিয়মিত যোগচর্চা করার আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহম্মদ সাজ্জাদ পি.। উপস্থিত ছিলেন বিলোনীয়া পুরপরিষদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, মহকুমা শাসক দেবজ্যোতি রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জ্যোতির্ময় দাস, জেলা সমাজশিক্ষা পরিদর্শক প্রবীর দেববর্মা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহঅধিকর্তা ঋতেশ শীল প্রমুখ। এই দিবসে আজ যোগাসনে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, পুলিশ ও নিরাপত্তা কর্মী জেলাস্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিক, কর্মচারী, সামাজিক সংস্থার সদস্য ও শারীর শিক্ষকগণ অংশ নেন।
অমরপুর: আজ অমরপুর চন্ডিবাড়ি মাঠে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানের সূচনা করে বিধায়ক রঞ্জিত দাস বলেন, যোগাভ্যাস আমাদের অত্যন্ত প্রয়োজন। নিয়মিত যোগাভ্যাস শরীর ও মনকে স্বাস্থ্যবান ও সতেজ রাখে। তিনি নেশামুক্ত রাজ্য গড়ার প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এন.জি.ও.-র সদস্য সদস্যাগণ যোগ ব্যায়ামে অংশ নেন।
আমবাসা: সারা রাজ্যের সাথে আমবাসায়ও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন, শরীর ও মন উভয়কে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। একটি রোগমুক্ত ও সুন্দর জীবন গড়ে তুলতে যোগার কোনও বিকল্প নেই। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুরপরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হেমালি দেববর্মা অতিরিক্ত জেলাশাসক পার্থ দাস, ধলাই জেলার যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল সূত্রধর এবং ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের সহঅধিকর্তা দীবাকর দেবনাথ। অনুষ্ঠানে ক্রীড়া শিক্ষক অরুণ দাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন।
ছৈলেংটা: লংতরাইভ্যালি মহকুমায়ও আজ যথাযথ মর্যাদায় ১২তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়, মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে লংতরাইভ্যালি মহকুমার সরকারি মহাবিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি.সি.এম. দীপক চন্দ্র শর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া আধিকারিক অজয় নমঃ, মহকুমা বরিষ্ঠ তথ্য আধিকারিক সিদ্ধার্থ দেববর্মা, লংতরাইভ্যালি সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালসোয়ামা ডার্লং, সমাজসেবী বিশ্বজিৎ সরকার প্রমুখ। অতিথিগণ ভাষণে নিয়মিত যোগ চর্চার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ক্রীড়া আধিকারিক এবং অভিভাবকগণ যোগ ব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।







