শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় যোগার ভূমিকা অপরিসীম: বনমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় যোগার ভূমিকা অপরিসীম। আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বকে যোগার মাধ্যমে সুস্থতার পথ দেখিয়েছে। আজ ধর্মনগরের গৌরী শেখর রায় ইন্ডোর স্পোর্টস হলে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন।

উত্তর ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, যোগ ব্যায়ামকে শুধুমাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামে গ্রামে, বিদ্যালয়ে বিদ্যালয়ে সহ প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। তবেই আমাদের দেশ সুস্বাস্থ্যের অভিমুখে এগিয়ে যাবে।

যোগা যে কোনও কঠিন পরিস্থিতিতে আমাদের মনকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষভাবে সাহায্য করে। তাই আমরা যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাই তবে আমাদের অবশ্যই প্রতিদিন নিয়মিত যোগাভ্যাস করতে হবে। অনুষ্ঠানে বিধায়ক জহর চক্রবর্তী বলেন, যোগা আমাদের দেশের কৃষ্টি ও সংস্কৃতির অঙ্গ।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, সহকারী সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন মিতালি রাণী দাস সেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহঅধিকর্তা বিভা বসু গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ যোগব্যায়াম অনুশীলনে অংশগ্রহণ করেন।

Leave a Comment