প্রগতি ত্রিপুরা, ২১ জুন, ২০২৬: মনকে স্থির রাখতে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগ চর্চার মাধ্যমে মনকে শান্ত, স্থির ও সুস্থ রাখা সম্ভব। আজ ঊনকোটি প্রত্নতত্ত্বস্থানে ঊনকোটি জেলাভিত্তিক ১২তম আর্ন্তজাতিক যোগা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস একথা বলেন।
তিনি বলেন, যোগ ব্যায়াম কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি শরীর ও মনের বিকাশের একটি কার্যকরী পদ্ধতি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট যোগা ব্যায়াম করলে শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও উন্নত হয়। প্রাচীনকাল থেকেই ভারতে যোগ চর্চার প্রচলন রয়েছে এবং আয়ুর্বেদের সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে যোগ ব্যায়াম আন্তর্জাতিক স্তরের স্বীকৃতি লাভ করেছে।
বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশেই আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এরফলে ভারতীয় সংস্কৃতি ও সুস্থ জীবনের এই ঐতিহ্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোহম্মদ মবস্বর আলি, ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক শান্তিময় দেববর্মা প্রমুখ।








