প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: আসাম-আগরতলা জাতীয় সড়কে পথ দুর্ঘটনার লাগাম যেন কিছুতেই টানা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার খবর সামনে আসছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগের অভাব এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নানা গাফিলতির কারণেই দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বৃহস্পতিবার রাতে ফের এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় তেলিয়ামুড়া এলাকায়। জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ একটি বহিরাজ্যের দূরপাল্লার পণ্যবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন মোটরসাইকেলে থাকা দুই যুবক।আহতদের পরিচয় উদয় রিয়াং ও ক্ষত্রজয় রিয়াং বলে জানা গেছে। তাঁরা বিলাইহাম রিয়াং চৌধুরীপাড়া এলাকা থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিলেন। সেই সময় জাতীয় সড়কের ২৯ কৃষ্ণপুর মণ্ডল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা। আহত দুই যুবককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তরফে তাঁদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে তেলিয়ামুড়া ট্রাফিক প্রশাসনের ভূমিকা। স্থানীয়দের দাবি, জাতীয় সড়কের ব্যস্ত অংশগুলিতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ভারী যানবাহনের গতিবিধির উপর কঠোর নজরদারি না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হবে। একের পর এক দুর্ঘটনার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।







