প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: উদয়পুর মহকুমার বাগমা-টেপানিয়া জাতীয় সড়কে বুধবার গভীর রাতে এক রহস্যজনক ধাওয়া ও হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলন্ত গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া, গাড়িকে দীর্ঘক্ষণ ধাওয়া করা এবং চালককে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে একদল মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে। ঘটনায় স্থানীয়দের তৎপরতায় তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে এবং কয়েকজন যুবককে ধরে রাখা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারী উদয়পুর খিলপাড়া এলাকার বাসিন্দা ও গাড়িচালক মুস্তাক আহমেদ খাদিম জানান, বুধবার রাতে তিনি আগরতলা থেকে নিজের মারুতি অল্টো কে-টেন গাড়ি নিয়ে উদয়পুরে ফিরছিলেন। বাগমা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল তার গাড়িকে ওভারটেক করার সময় লুকিং গ্লাসে ধাক্কা মেরে সেটি ভেঙে দেয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনি বাইক আরোহীকে থামতে বললে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
মুস্তাকের অভিযোগ, কিছুক্ষণ পর আরও কয়েকটি মোটরসাইকেল নিয়ে একদল যুবক টেপানিয়া এলাকার নির্জন জাতীয় সড়কে তার গাড়িকে ঘিরে ধরার এবং থামানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি দ্রুত সেখান থেকে বেরিয়ে ধজনগর পুলিশ লাইন এলাকার দিকে চলে আসেন। কিন্তু তাতেও রেহাই মেলেনি। অভিযোগ, চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক তাকে ধাওয়া করতে করতে পুলিশ লাইন এলাকা পর্যন্ত পৌঁছে যায় এবং গাড়ি থামিয়ে মারধরের চেষ্টা করে। পাশাপাশি গাড়ির কাচ ভাঙচুরেরও চেষ্টা চালানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করে এগিয়ে আসেন। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনটি মোটরসাইকেলসহ কয়েকজন যুবককে আটক করা সম্ভব হয়। যদিও কয়েকজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, আটক যুবকদের পরিচয় জানতে চাইলে তারা প্রথমে নিজেদের পরিচয় দিতে অস্বীকার করে। পরে একজন নিজের নাম বিকি দেবনাথ বলে পরিচয় দেয় এবং বিশালগড় এলাকার বাসিন্দা বলে দাবি করে। স্থানীয়দের অভিযোগ, ঘটনায় জড়িত অধিকাংশ যুবকই বিশালগড় এলাকা থেকে এসেছে।
আটক হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে TR-07B-6971, TR-07-7884 এবং TR-01AS-4836 নম্বরের তিনটি বাইক। পরবর্তীতে বাইক ও আটক যুবকদের স্থানীয় একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশের মতে, অতীতে বিশালগড় বাইপাস এলাকায় ছিনতাই, লুটপাট, ডাকাতি ও মারধরের একাধিক ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে গভীর রাতে একদল যুবকের বিশালগড় থেকে এসে একটি গাড়িকে দীর্ঘক্ষণ ধাওয়া করার ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন অনেকে।
তবে পুরো ঘটনার প্রকৃত কারণ কী, এটি শুধুমাত্র সড়ক দুর্ঘটনাজনিত বিরোধ নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষ হলেই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।







