প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: বৃহস্পতিবার আগরতলায় দশরথ দেব স্মৃতি ভবনে সিপিআই(এম)-এর দুই দিনের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনগণের সমস্যা সমাধান করা এবং ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে রণকৌশল সাজাতে রুদ্ধশ্বাস বৈঠকে বসেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম।
বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য ত্রিদিব ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ দলের শীর্ষ নেতৃত্ব। দুদিন চুলচেরা বিশ্লেষণ করবেন সিপিআইএমের রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন দুদিনের এই বৈঠকে ভিলেজ কমিটির নির্বাচন গুরুত্ব পাবে। তিনি আরো জানান, আজকের বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর্যালোচনাও বৈঠকে গুরুত্বপূর্ণভাবে আলোচনা হয়েছে। দলীয় নেতৃত্বের মতে, আগামী দিনে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আরও ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও বৈঠকে উঠে এসেছে।
আগামী দিন সাংগঠনিক ভাবে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে শুক্রবার। অপরদিকে দেশের পাঁচ রাজ্যের ফলাফলেও বামেদের অবস্থান বিগত দিনের তুলনায় মন্দ বলা চলে। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে না উঠার কারণে ভোটের হার দিন দিন কমছে তাদের। এটা আর বলার অপেক্ষায় থাকে না।







