প্রগতি ত্রিপুরা, ১৮ জুন, ২০২৬: পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২৭ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, গ্রামীণ জনগণের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদের মধ্যে সমন্বয় রেখে উন্নয়নমূলক কাজ রূপায়ণ করা হচ্ছে।
বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিজ নিজ দপ্তরের জন উন্নয়নমূলক প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে। যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সচিব ক্ষিরোদ দেববর্মা সভায় পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনার প্রেক্ষাপট ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন স্তরের পরিকল্পনা কমিটি গঠন করতে হবে। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প, প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, গ্রামোন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিতে হবে। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ আলোচনায় অংশগ্রহণ করেন।







