আত্মসমর্পণকারী সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়

প্রগতি ত্রিপুরা, ১৭ জুন, ২০২৬:এনএলএফটি ও এটিটিএফ-এর আত্মসমর্পণকারী সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা।

বৈঠকে আত্মসমর্পণকারী সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এনএলএফটির সভাপতি প্রসেনজিৎ দেববর্মা জানান, গত ১২ জুনের রাস্তা অবরোধ কর্মসূচির সময় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তাদের দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকের এই বৈঠকের আয়োজন করা হয়।

তিনি আরও জানান, এনএলএফটি ও এটিটিএফ-এর সদস্যরা আত্মসমর্পণ করার সময় যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেগুলি বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাকি কাজগুলি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকের আলোচনায় সন্তোষ প্রকাশ করেন আত্মসমর্পণকারী সংগঠনগুলির প্রতিনিধিরা এবং সরকারের আশ্বাসে তারা আশাবাদী বলে জানান।

Leave a Comment