গোমতী দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির ও জনঔষধি কেন্দ্র পরিদর্শনে রাজ্যপাল

অনলাইন ডেস্ক, ১৬ জুন, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, ইন্দ্রনগরের নোয়াগাঁওয়ে আয়ুষ্মান আরোগ্য মন্দির সাব সেন্টার এবং এ.জি.এম.সি. ও জি.বি.পি. হাসপাতালের জনঔষধি কেন্দ্র পরিদর্শন করেন।

দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শনের সময় রাজ্যপাল এই কেন্দ্রের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। দুগ্ধ উৎপাদন কেন্দ্রটির আধুনিকীকরণে তিনি বিভিন্ন পরামর্শ দেন। রাজ্যপাল দুধ সংগ্রহ কেন্দ্র, প্রক্রিয়াকরণ ইউনিট, পরীক্ষাগার, কোল্ড স্টোরেজ ইউনিট, দুধ প্যাকেজিং ইউনিট, দই, মিষ্টি ও অন্যান্য পণ্য উৎপাদন কেন্দ্রগুলি ঘুরে দেখেন।

সেখানে উপস্থিত ছিলেন গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য আধিকারিকগণ। পরে রাজ্যপাল দুগ্ধ উৎপাদন কেন্দ্রের সম্মেলন কক্ষে দুধ উৎপাদনকারী কৃষক এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের পরিবেশকদের সঙ্গে মতবিনিময় করেন।

ইন্দ্রনগরস্থিত আয়ুষ্মান আরোগ্য মন্দির সাব সেন্টার পরিদর্শনের সময় এ.জি.এম.সি. ও জি.বি.পি. হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট শংকর চক্রবর্তী এবং কমিউনিটি হেলথ অফিসার ডা. কৌশিকা চক্রবর্তী রাজ্যপালকে স্বাস্থ্যকেন্দ্রের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ বিভাগের অধিকর্তা ডা. অঞ্জন দাস রাজ্যপালের সফরের সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের সময় রাজ্যপাল যক্ষ্মা রোগীদের পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি এ.জি.এম.সি. ও জি.বি.পি. হাসপাতালের জনঔষধি কেন্দ্র পরিদর্শন করেন। রোগীদের সুবিধার্থে জনঔষধি কেন্দ্র সব সময় খোলা রাখার জন্য তিনি পরামর্শ দেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment