প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: মেলাঘর–সোনামুড়া মূল সড়কের বটতলী এলাকায় নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মূল সড়কের সঙ্গে গ্রামের রাস্তার সংযোগ স্থাপন করতে হবে এবং দুর্ঘটনা এড়াতে রাস্তার পাশে রেলিং বসাতে হবে। এই দাবিতে তারা গত তিন মাস ধরে কাজ করা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন।
এলাকাবাসীর দাবি, মূল সড়কের সঙ্গে গ্রামের রাস্তা সংযুক্ত না থাকলে গ্রামবাসীদের বাইকসহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সম্মুখীন হতে হবে। পাশাপাশি, রাস্তার পাশে রেলিং না থাকলে দুর্ঘটনার সময় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িঘরে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।অন্যদিকে, নির্মাণকারী সংস্থার দাবি, গ্রামের রাস্তা সংযোগের বিষয়টি প্রকল্পের কাজের আওতায় নেই।
তাই তাদের পক্ষে ওই কাজ করা সম্ভব নয়।এ পরিস্থিতিতে রবিবার রাতে কর্তৃপক্ষ কার্পেটিংয়ের কাজ শুরু করতে এলে এলাকাবাসী বাধা দেন। তাদের স্পষ্ট বক্তব্য, গ্রামের রাস্তার সংযোগ ও রেলিংয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কের কাজ বন্ধ থাকবে।খবর পেয়ে সোনামুড়া থানার ওসি তাপস দাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলেন।
পরে তিনি এলাকাবাসীদের আশ্বস্ত করেন যে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এরপর এলাকাবাসীরা পুনরায় রাস্তার কাজ শুরু করার অনুমতি দেন।







