প্রগতি ত্রিপুরা, ১৫ জুন, ২০২৬: ঘটনার খবর পেয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আহত রাকেশ খোরাংকে আগরতলার গোবিন্দ বল্লভ পন্ত হাসপাতাল -এ নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক জানান, গত কিছুদিনে সিমনা বিধানসভা এলাকায় ভাল্লুকের আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে।
এর ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, ভাল্লুকের আক্রমণে রাকেশ খোরাংয়ের পায়ে গুরুতর আঘাত লেগেছে।
আর্থিক অসচ্ছলতার কারণে তিনি যথাযথ চিকিৎসা করাতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে প্রতিমা ভৌমিক নিজেই আহত ব্যক্তির বাড়িতে যান এবং তাকে আগরতলার জিবি হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রতিমা ভৌমিক আরও জানান, এ বিষয়ে তিনি বনদপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বনমন্ত্রী আহত ব্যক্তির বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আবেদন করার পরামর্শ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি, বন্যপ্রাণীর আক্রমণ রোধে সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।







