প্রগতি ত্রিপুরা, ২৫মে, ২০২৬। এস.এস.সি জি.ডি পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে ঝামেলা ফ্রন্ট ইয়ার এডুকেশন সেন্টারের সামনে। জানা যায় এস.এস.সি জি.ডি পদে নিয়োগের জন্য সোমবার রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
রাজধানীর খয়েরপুরস্থিত পল্লী মঙ্গল স্কুল সংলগ্ন ফ্রন্ট ইয়ার এডুকেশন সেন্টারেও এইদিন পরীক্ষা হওয়ার কথা ছিল।
যথারীতি সেখানে যাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে, তারা সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় জমায়। কিন্তু পরীক্ষা গ্রহণের সময় সীমা শুরুর প্রাক মুহূর্তে সংশ্লিষ্ট সেন্টার থেকে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয় পরীক্ষা হবে না।
কারন টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছে সার্ভারে। এতে ক্ষোভে ফেটে পড়ে পরীক্ষার্থীরা। কারন পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা এসেছিল।
দূর দুরান্তের পরীক্ষার্থীরা রবিবার আগরতলায় পৌঁছে বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করে, যাতে করে নির্ধারিত সময়ে তারা পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারে।
এইদিন সংশ্লিষ্ট সেন্টারের পক্ষ থেকে পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হলেও পরবর্তী সময় সেই পরীক্ষা কবে হবে তা জানানো হয় নি।
তাই পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে থাকে সেন্টারের সামনে। শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।








