অভিযুক্ত চার পুলিশ কর্মীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর

প্রগতি ত্রিপুরা, ২৫মে, ২০২৬। তেলিয়ামুড়া থানায় মাদক কান্ডে ধৃত চার পুলিশ কর্মীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিল খোয়াই জেলা আদালত।

সম্প্রতি তেলিয়ামুড়া থানার পুলিশ বেশকিছু নেশা জাতীয় কফ সিরাপের বোতল উদ্ধার করে। অভিযোগ উঠে তেলিয়ামুড়া থানার চার পুলিশ কর্মী উদ্ধার হওয়া নেশা জাতীয় কফ সিরাপের বোতল থানার রেজিস্টারে কম দেখিয়ে খোলা মার্কেটে বিক্রয় দিয়েছে।

এই বিষয়ে জানার পর খোয়াই জেলার পুলিস সুপার ঘটনার তদন্তের জন্য নির্দেশ দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা পুলিশ সুপার রাজ্য পুলিশের মহানির্দেশককে এই বিষয়ে জানান।

পরবর্তী সময় জেলা পুলিস সুপার চার পুলিশ কর্মীকে চাকুরি থেকে বরখাস্ত করেন। এবং তাদের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় পৃথক একটি মামলা রুজু করা হয়। সোমবার সকালে অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেপ্তার করে খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হয়।

এইদিন পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয় আদালতে। বিচারক সবকিছু খতিয়ে দেখে অভিযুক্ত চার পুলিশ কর্মীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সরকার পক্ষের আইনজীবী।

Leave a Comment