ড্রামে তেল, পেট্রোল পাম্পকে কেন্দ্র করে বিতর্ক

প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬: মলয়নগর বাইপাস এলাকার একটি পেট্রোল পাম্পকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, পাম্পে বহু গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সাধারণ গাড়িচালকদের তেল দেওয়া হচ্ছে না। অভিযোগ, অনেককে জানানো হয় “তেল শেষ হয়ে গেছে”। কিন্তু একই সময়ে একটি বোলেরো পিকআপ গাড়ির ড্রামের মধ্যে তেল ভরে দেওয়া হচ্ছে বলে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গাড়িচালকের দাবি, তারা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করলেও তেল পাননি। অথচ ড্রামভর্তি তেল অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হলে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, ড্রামের মধ্যে তেল দেওয়ার জন্য তাদের সরকারি অনুমতি বা পারমিশন রয়েছে।

তবে সাধারণ মানুষের প্রশ্ন, যদি সত্যিই পাম্পে তেলের সংকট থেকে থাকে, তাহলে লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গাড়িগুলোকে তেল না দিয়ে ড্রামে কেন তেল সরবরাহ করা হলো? একই সঙ্গে অনেকে জানতে চাইছেন, কী ধরনের অনুমতির ভিত্তিতে এভাবে ড্রামে তেল দেওয়া হচ্ছে এবং সেই নিয়ম সাধারণ মানুষের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়।

এর আগে বড়মুড়া পাহাড় এলাকায় একটি গাড়ি মাঝপথে আটকে পড়লেও ড্রামে তেল দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার তুলনা টেনে সামাজিক মাধ্যমেও নানা প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই প্রশাসনের নজরদারি ও স্বচ্ছ ব্যাখ্যার দাবি জানিয়েছেন। বর্তমানে ভাইরাল হওয়া ছবি ও ভিডিও ঘিরে এলাকায় চর্চা অব্যাহত রয়েছে।

Leave a Comment