চুরি হওয়া একটি মোটর বাইক উদ্ধার, অভিযুক্তকে গ্রেপ্তার

প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: উদয়পুরে চুরি হওয়া মোটর বাইক উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাধাকিশোরপুর থানার পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান, গত ৭ মে উদয়পুরের রমেশ চৌমুহনী এলাকায় অবস্থিত সতীন মাইক্রো ফাইনান্স কোম্পানির কর্মী বিজয় নাথের একটি কালো রঙের বাজাজ পালসার মোটরবাইক (নম্বর TR08H5985) রাতের অন্ধকারে অফিস প্রাঙ্গণ থেকে চুরি হয়ে যায়।
ঘটনার পরপরই তিনি রাধাকিশোরপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে, যার কেস নম্বর ৪৪/২৬। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩০৫(এ), ৩৩১(৪) এবং ৩(৫) ধারায় নথিভুক্ত করা হয়। অভিযোগ পাওয়ার পরই রাধাকিশোরপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তকারী দল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে। এই প্রক্রিয়ায় একজন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা সম্ভব হয়।

পরে ওই সন্দেহভাজনকে রমেশ চৌমুহনী এলাকায় দেখতে পেয়ে পুলিশ দ্রুত তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর অভিযুক্তকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। ৮ মে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে উদয়পুর জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তার রিমান্ডের আবেদন জানায় এবং আদালত সেই আবেদন মঞ্জুর করে। রিমান্ড পিরিয়ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত চুরির ঘটনার কথা স্বীকার করে এবং চুরি হওয়া মোটরবাইকটির অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ মে গভীর রাতে পুলিশ উদয়পুর পলিটেকনিক কলেজ সংলগ্ন জঙ্গলে অভিযান চালায়। সেখান থেকে চুরি হওয়া বাইকটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রিমান্ড চলাকালীন আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে। আগামী ১০ মে পুনরায় অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এই ঘটনায় রাধাকিশোরপুর থানার পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত তদন্ত ও উদ্ধার প্রক্রিয়ার ফলে এলাকায় আইন-শৃঙ্খলার উপর মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।

Leave a Comment