প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: সাতসকালে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর ক্যাম্পের মাঠ সংলগ্ন এলাকায়। আগুনে পুড়ে মৃত্যু হয় প্রায় ৫০ বছর বৃদ্ধা গৃহবধূ শিলা সাহার। তিনি তেলিয়ামুড়া শহরের ব্যবসায়ী লক্ষন সাহার স্ত্রী বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ নিজ বাড়ির বারান্দায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
তবে স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। স্বামী লক্ষন সাহা জানান, এর আগেও পারিবারিক কলহের জেরে তিনি একবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সে সময় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা হয়। তিনি আরো জানান, পুত্রবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। বিষয়টি পূর্বে থানাতেও গড়িয়েছিল।
পরিস্থিতির জেরে ছেলে প্রণব সাহা ও পুত্রবধূ শান্তিনগরের নিজ বাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র ভাড়াবাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে। শনিবার সকালের এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







