ছৈলেংটা ADC IS অফিস জলমগ্ন, তিপ্রা সিটিজেন ফেডারেশনের ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নিকট স্মারকলিপি প্রদান

প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: গত কয়েক দিন ধরে ছৈলেংটা ADC IS কার্যালয় এবং আশেপাশের বহু বাড়িঘর সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে রয়েছে। এর ফলে দাপ্তরিক কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশের নর্দমাগুলো দীর্ঘদিন ধরে আবর্জনায় ভরে থাকার কারণে জল নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে। অফিসে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এই গুরুতর পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে আজ লংতরাই ভ্যালি সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তিপ্রা সিটিজেন ফেডারেশন (TCF)-এর জেনারেল সেক্রেটারি রাজিব সরকার।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, অবিলম্বে নর্দমা পরিষ্কার ও জল নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করে এবং সাধারণ মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেয়।

Leave a Comment