রাত পোহালেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন, চূড়ান্ত প্রস্তুতি ভোট কর্মীদের মধ্যে

প্রগতি ত্রিপুরা, ১১ এপ্রিল, ২০২৬: রাত পোহালেই ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন। চূড়ান্ত প্রস্তুতি ভোট কর্মীদের মধ্যে। শনিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক তথা ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এ.ডি.সি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এমনটাই চিত্র পরিলক্ষিত হলো।

তবে একদিকে যেমন বিভিন্ন অংশের ভোট কর্মীরা নিজেদের ভোট গ্রহণের কাজে ব্যাবহার হবে এই সামগ্রী গুলো নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতিতে মগ্ন, সেই জায়গায় দাঁড়িয়ে আরো একবার প্রশ্নচিহ্নের মুখে রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী।

অজ্ঞাত কারণে রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এই নির্বাচন সংক্রান্ত কোনো প্রকারের তথ্য সংবাদ মাধ্যমের সামনে উচ্চারণ করতে অক্ষমতা জাহির করেছেন।

সাংবাদিকরা যখন বারবার রিটার্নিং অফিসার’কে অনুরোধ করে জানতে চাইলেন কত ভোটার রয়েছে, কতগুলা পোলিং স্টেশন রয়েছে বা কি কি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে?

এই বিষয় গুলো জানানোর জন্য তখন রীতিমতো হাত জোড় করে মহকুমা শাসক’কে বলতে শোনা যায় এই ব্যাপারে তিনি বলতে পারবেন না।

মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের এই ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে চলেছে। নির্বাচনের কাজে যুক্ত সর্বোচ্চ প্রশাসনিক ব্যাক্তিত্ব যদি নির্বাচনের শুরুতেই নির্বাচন সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী সম্পর্কে রাজ্যবাসী বা ভোটারদের অবগত করার ক্ষেত্রে নিজের অক্ষমতা প্রকাশ করে থাকেন তাহলে এর পেছনে কোন গভীর রহস্য রয়েছে কিনা প্রশ্ন কিন্তু উঠতে বাধ্য।

পাশাপাশি যেই জায়গায় দাঁড়িয়ে এবারে এডিসি নির্বাচন বিভিন্ন কারণে রীতিমতো আশঙ্কা তৈরি করে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তেলিয়ামুড়ার রিটার্নিং অফিসার অপূর্ব কৃষ্ণ চক্রবর্তীর সর্বশেষ ভূমিকা কিন্তু এই আশঙ্কাকে আরো মাত্রা যুক্ত করল বলা যায়।

যদিও এখানে উল্লেখ করা প্রয়োজন, ১১ তেলিয়ামুড়া মহারানীপুর এডিসি আসনের মোট ভোটার সংখ্যা ৩১৭৬৭ জন, যেখানে পুরুষ ভোটার ১৫৮০০, মহিলা ভোটারের সংখ্যা ১৫৯৬৭ জন। সব মিলিয়ে মোট ৪৮ টা বুথ সেন্টার রয়েছে।

এই ভোট গ্রহণ কেন্দ্র গুলোতে পৌঁছানোর জন্য সকাল থেকেই বিভিন্ন স্তরের ভোট কর্মীদের চূড়ান্ত ব্যাস্ততা পরিলক্ষিত হয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয় চত্বরে।

Leave a Comment