এলপিজি লরির ধাক্কায় রক্তাক্ত এক ব্যক্তি

প্রগতি ত্রিপুরা, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬। এলপিজি লরির ধাক্কায় রক্তাক্ত এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর।

মঙ্গলবার সকালে খোয়াই থানার অন্তর্গত রামচন্দ্রঘাটের বটতলি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৫৮ বছর বয়সী এক প্রৌঢ়। আহত ব্যক্তির নাম অজিত কুমার দেববর্মা।

বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, এই দিন সকালে একটি এলপিজি সিলিন্ডার বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে অজিত কুমার দেববর্মাকে সজোরে ধাক্কা দেয়।

ঘটনার পর তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাকে উদ্ধার করে একটি গাড়িতে করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।

সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হলেও মাথার আঘাত গুরুতর হওয়ায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে দুর্ঘটনার পর লরি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে খোয়াই থানার পুলিশ দ্রুত তৎপরতা দেখিয়ে ঘাতক লরিটিকে আটক করতে সক্ষম হয়।

সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে লরি চালক প্রভাত দেবনাথকে (৪৮)। ধৃত চালক খোয়াইয়ের বাসিন্তিটিলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Leave a Comment