স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ১১ ডিসেম্বর, ২০২৫: ইউনিটি প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান আগামীকাল। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে কনসার্টের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, কনসার্টের দিন মাঠজুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি, সাদা পোশাকের পুলিশ, স্বেচ্ছাসেবক, স্কাউট-গাইড এবং পর্যটন দফতরের কর্মীদের মোতায়েন করা হবে।

তিনি বলেন, কনসার্টে দর্শক সমাগমের একটি নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। নিরাপত্তা যাতে বিন্দুমাত্র বিঘ্নিত না হয় সেই দিকে লক্ষ রেখে অভিজ্ঞতার ভিত্তিতে কিছু নতুন সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ইউনিটি প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের জনপ্রিয় সিঙ্গার জুবিন নৌটিয়াল।

মঞ্চে উপস্থিত থাকবেন পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের সচিব ইউ.কে. চাকমা, অধিকর্তা, রাজ্য পুলিশের আইজি (ল অ্যান্ড অর্ডার), পশ্চিম জেলার পুলিশ সুপার, ট্রাফিক সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ময়দানের বিভিন্ন প্রবেশদ্বার, দর্শকাসন, নিয়ন্ত্রণ কক্ষসহ নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। পরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

Leave a Comment