চুরি যাওয়া শিশু উদ্ধার

অনলাইন, ডেস্ক, ১১ ডিসেম্বর, ২০২৫: বুধবার সন্ধ্যায় শিশু বিহার স্কুল সংলগ্ন এলাকা থেকে এক বছরের শিশুকে ছিনতাই করার ঘটনায় নড়েচড়ে বসে আরক্ষা প্রশাসন। খবর পেয়েই রাজধানীর সবকটি থানার পুলিশ একযোগে রাতভর তল্লাশি অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আগরতলা রেল স্টেশনে এক সহৃদয় মহিলা এক ব্যক্তির কোলে শিশুটিকে দেখতে পান।

সন্দেহ হওয়ায় তিনি দ্রুত পশ্চিম আগরতলা থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ রেল স্টেশনে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। এদিন দুপুরে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সংবাদমাধ্যমকে জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। বর্তমানে মায়ের কোলে ফিরেছে সুরজ।

তবে শিশু চুরির চেষ্টা সংক্রান্ত এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে রাজধানীর প্রাণকেন্দ্র শিশু বিহার স্কুলের সামনে। কোলের সন্তান চুরি হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তার মা। আমতলী এলাকার বাসিন্দা দিপালী শীল, তার দুই সন্তানকে নিয়ে ভিক্ষা করার জন্য এসেছিলেন।

বাড়িতে তার স্বামী অসুস্থ। অসুস্থ স্বামীর চিকিৎসা করানোর জন্য টাকার প্রয়োজন সেই কারণেই আর্থিক সহযোগিতার জন্য শহরে এসেছিলেন তিনি। শিশু বিহার স্কুলের সামনে একটি যাত্রীশেডে তার দুই সন্তানকে রেখে প্রাকৃতিক কাজ সারার জন্য গিয়েছিলেন বুধবার দুপুরে। ফিরে আসতেই দেখতে পান তার বড় ছেলে কান্না করছে। আর কোলের সন্তানকে একটি মহিলা নিয়ে চলে যায় একটি অটোতে করে। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

Leave a Comment