অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর, ২০২৫: রাজ্য সরকার জাতি-জনজাতি সহ সবার সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য কাজ করছে। রাজ্যের চা শ্রমিকগণ স্বাধীনতার আগে থেকে ত্রিপুরায় বসবাস করছেন। কিন্তু তাদের নিজস্ব জমি, রেশন কার্ড, বাড়ি ছিলনা। পূর্বতন সরকার তাদের জমির অধিকার দিতে ব্যর্থ হয়েছে।
সেখানে বর্তমান সরকার তাদের জমির পাট্টা দিয়েছে, রেশন কার্ড দিয়েছে ও থাকার জন্য ঘর পাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আজ কৈলাসহর মহকুমার রাংরুং টি হাইস্কুল প্রাঙ্গণে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী ও রাজ্যভিত্তিক ঝুমুর ও চা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।
তিনি বলেন, অতীতে কেবলমাত্র প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান সরকার জনকল্যাণের স্বার্থে পরিকল্পতিভাবে কাজ করছে ও সরকারের বিভিন্ন সুবিধা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আত্মনির্ভর ত্রিপুরার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। অনুষ্ঠানে তিনি ভগবান বিরসা মুন্ডার জীবন, সংগ্রাম ও আদর্শ নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, বর্তমান সরকার জনজাতিদের কল্যাণে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। যা তাদের সামাজিক ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, বিকশিত ভারত গড়তে হলে সমাজে সকল স্তরের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
সেই দিশায় রাজ্য সরকার কাজ করে চলেছে এবং জনজাতিদের এগিয়ে নিতে নিরন্তর উদ্যোগ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সমাজকল্যাণ মন্ত্রী সহ অতিথিরা বিভিন্ন সরকারি দপ্তরের স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস পাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, রাংরুং পঞ্চায়েত প্রধান কিষান উরাং, উনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক এস কার্জন হালাম, তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক শুভাশিস সেনগুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সমাজপতি ফাগু উরাং। স্বাগত বক্তব্য রাখেন চন্ডীপুর ব্লকের বিডিও দেবপ্রিয় দাস। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সমাজসেবী সন্দীপ কুর্মি।
অনুষ্ঠানে মহকুমা প্রশাসন থেকে এসটি, পিআরটিসি, মৎস্য দপ্তর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, কৃষি ও কৃষক কল্যাণ ইত্যাদি দপ্তর থেকে সুবিধাভোগীদের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
বিদ্যানগর এইচ এস স্কুলের এনএসএস কমিটি থেকে ৬০টি কম্বল সুবিধাভোগীদের প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সহ উপস্থিত অতিথিগণ ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।








