অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর, ২০২৫: কোন একটি বা দুটি জাতিগোষ্ঠির উন্নতি হলেই রাজ্যের বা দেশের উন্নতি হয়না। জাতি-জনজাতি সহ সব অংশের মানুষের উন্নতি করতে পারলেই রাজ্য ও দেশের উন্নতি সম্ভব হবে। রাজ্যের বর্তমান সরকার জনজাতিদের উন্নয়নে সারা রাজ্যেই বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। আজ অমরপুর নতুন টাউন হলে গোমতী জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে জনজাতি সম্প্রদায়ের অবদানকে সম্মান জানাতে এবং তাদের ইতিহাস ও সংস্কৃতি উদযাপন করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হয়। রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পরিশ্রুত পানীয়জল, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অব্যাহত রাখতে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের সহযোগিতায় রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যেতে অর্থমন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, অমরপুরের মহকুমা শাসক অনুপম চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ জমির পাট্টা, তপশীলি জনজাতি পরিচয়পত্র প্রভৃতি সুবিধাভোগীদের হাতে তুলে দেন।








