মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচি, সাক্ষাৎ প্রত্যাশীদের বিভিন্ন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর আন্তরিক উদ্যোগ

অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় রাজ্যেই চিকিৎসা করানোর প্রতি মানুষের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মুখ্যমন্ত্রী সমীপেষুর ৫৬তম পর্বে আজ এই প্রবণতা লক্ষ্য করা যায়।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সাথে কথাবার্তা বলেন। মূলত স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আসা মানুষের সাথে সাক্ষাতপর্বে তাদের সমস্যা সমাধানের উদ্যোগ নেন এবং বিস্তারিত খোঁজ খবর নেন।

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আসা সমস্যা পীড়িত মানুষের সমস্যা সম্পর্কে অবগত হয়ে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। বিশালগড়ের মিরা শিব আসেন তার কণ্যাকে নিয়ে। দীর্ঘদিন যাবৎ গলার সমস্যায় ভোগছেন।

পাশাপাশি তার টিবি রোগের সমস্যাও রয়েছে। পুরাতন আগরতলার শঙ্কর শীল আসেন তার বাবার স্বাস্থ্য সমস্যা নিয়ে। যিনি ক্যান্সার রোগে আক্রান্ত। জিরানীয়ার অঙ্কিতা সাহা আসেন তার তিন বছরের মেয়ে নিশীকা সাহার কথা বলার সমস্যা নিয়ে।

বিশ্রামগঞ্জ থেকে আর্শিয়া বেগম আসেন মেয়ের খাদ্যনালীর সমস্যা নিয়ে। একইরকম ভাবে আমতলীর গৌরি দেবনাথ আসেন স্বামীর হৃদরোগের সমস্যা, ভট্টপুকুরের সুকুমার দাস, আখাউড়া নিবাসী অমিতাভ কর আসেন তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে।

তারা সবাই তাদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং উপস্থিত আধিকারিকদের তাৎক্ষণিক সমস্যার সমাধানে উদ্যোগ নিতে বলেন।

মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত সচিব অপূর্ব রায়, জিবিপি হাসপাতাল, আইজিএম হাসপাতাল এবং অটল বিহারী রিজিওন্যাল হাসপাতালের মেডিক্যাল সুপারগণ ছাড়াও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment