ছাত্র-ছাত্রীদের আরও বিজ্ঞান মনস্ক হতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী

অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: ছাত্র-ছাত্রীদের আরও বিজ্ঞান মনস্ক হতে হবে। সমাজে চলমান নানা সমস্যার সমাধানে তাদের নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবনী শক্তি নিয়ে চর্চা করতে হবে।

জাতীয় স্তরের প্রতিযোগিতায় তারা যাতে ভাল ফলাফল করতে পারে সে লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তর তাদের সৃজনশীল কাজের জন্য আর্থিক সংস্থানের ব্যবস্থা রেখেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ প্রজ্ঞাভবনের ১নং হলে আয়োজিত দু’দিনব্যাপী অষ্টম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম-এর উদ্বোধন করে একথা বলেন।

ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্যদ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্দেশ্য, রাজ্যের পোষ্ট গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ডিপ্লোমা সহ উচ্চ ও টেকনিক্যাল এডুকেশন সংস্থার ছাত্র ছাত্রীদের প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে উৎসাহিত করা।

আজ ২০টি উচ্চ ও টেকনিক্যাল এডুকেশন সংস্থা থেকে বাছাইকৃত ৩৬টি বিজ্ঞান মডেল প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে ড্রোন, সোলার পাওয়ার, বায়ো ফার্টিলাইজার, মাশরুম চাষ, ওয়াটার হার্ভেয়িং প্রভৃতি।

এবছর এই অনুষ্ঠানের মূল থিম হলো ‘ইন্ডিজিনাস টেকনোলজিস ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট’। অনুষ্ঠানের উদ্বোধন করে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সমাজের নানা সমস্যা হ্রাসে বিজ্ঞান ও প্রযুক্তিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাগণকে তাদের দিশা দেখাবার পরামর্শ দেন।

তিনি বলেন, প্রতিবছর দপ্তর এরূপ অনুষ্ঠানের আয়োজন করে। রাজ্য সরকার প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে উৎসাহিত করছে।

তিনি বলেন, আজ ছাত্র-ছাত্রীরা যে সকল নতুন নতুন প্রজেক্ট উপস্থাপন করেছে এদের মধ্যে ভাল প্রজেক্টগুলিকে পুরস্কৃত করা হবে। আগামীদিনে জাতীয় স্তরের প্রতিযোগিতায় মডেলগুলি যাতে ভাল ফলাফল করতে পারে তার জন্য দপ্তর সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, বায়ো ফার্টিলিটি পদ্ধতিতে কিভাবে কৃত্রিম উপায়ে খাদ্য ও অন্যান্য দ্রব্য উৎপাদন করা যায়, বাজারজাত করা যায় ও শিল্প উদ্যোগীদের কাছে পৌছানো যায় তার প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, এই দপ্তর এবিষয়ে ব্যবসায়ী ও শিল্পপতিদের নিয়ে এক আলোচনাচক্রের আয়োজন করবে। যাতে এই মডেলগুলির টেকনোলজি তারা ব্যবহার করতে পারেন।

আলোচনায় অংশ নিয়ে এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিভাস দেব এই উদ্যোগের প্রশংসা করে ছাত্র-ছাত্রীদের নিরলসভাবে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে চর্চা করার আহ্বান জানান।

অষ্টম স্টুডেন্ট প্রজেক্ট প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি। এছাড়া বক্তব্য রাখেন লেম্বুছড়াস্থিত মৎস্য মহাবিদ্যালয়ের ডিন অধ্যাপক অরুণ ভাই প্যাটেল।

স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা মহেন্দ্র সিং। ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্যদের বিজ্ঞানী ড. রিতা রায়।

এর পর টেকনিক্যাল সেশনে বিভিন্ন মহাবিদ্যালয় এবং টেকনিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীগণ তাদের মডেলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বহু অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিগণ বেষ্ট স্টুডেন্ট প্রজেক্ট আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে ৩ জন ছাত্র-ছাত্রীকে এবং পোষ্ট গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে ৩ জন ছাত্র-ছাত্রীকে মেমেন্টো ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করেন।

Leave a Comment