অনলাইন ডেস্ক, ০৫ নভেম্বর, ২০২৫: সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সমাজপতিদের পাশাপাশি যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজ শান্তিরবাজার মহকুমার পশ্চিম পতিছড়ি মুড়াসিং পাড়ায় অবস্থিত শ্রী শ্রী হরিচান গোস্বামী আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত ৪৬তম রাজ্যভিত্তিক মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করে একথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
তিনি বলেন, মুড়াসিং সামাজিক সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে যেমন জাতি জনজাতিদের মধ্যে ভাতৃত্ববন্ধন তৈরী হয় তেমনি এই ধরণের অনুষ্ঠান যেন সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে সেদিকেও লক্ষ্য রেখে সকলকে কাজ করতে হবে। তিনি বলেন মুড়াসিং সম্প্রদায় সংখ্যায় কম হলেও তাঁদের সমাজে একতা লক্ষ্য করা যায়।
সমাজে বিভিন্ন নেতিবাচক দিকগুলিকে চিহ্নিত করে এবং এগুলো দূর করে সুস্থ সমাজ গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বনমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, মুড়াসিং সমাজের রীতিনীতি, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।
তিনি বলেন, বর্তমান সরকার রাজ্যের সকল অংশের মানুষের কল্যানে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের ভাতা চালুর পাশাপাশি ভাতা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন সমাজের সাংস্কৃতিক বিকাশেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিধায়ক প্রমোদ রিয়াং, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, এমডিসি সঞ্জিত রিয়াং, এমডিসি দেবজিৎ ত্রিপুরা, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক সঞ্জীব চাকমা, ত্রিপুরা চুবালাই বুথুর নারঙ বীরেন্দ্র ত্রিপুরা, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের বিশিষ্ট ব্যক্তি যোগেন্দ্র দেববর্মা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী ডেভিড মুড়াসিং, মুড়াসিং সমাজের বিশিষ্ট ব্যক্তি ঋষিসিং মুড়াসিং প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ৪৬তম মুরাসিং সামাজিক সাংস্কৃতিক উৎসবের কনভেনর ভাগ্যচরণ মুড়াসিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়সিং হদা অক্রা টুইফাঙ সুনীল মুড়াসিং।








