রাজ্যের মানুষের শান্তি বিঘ্নিত করার অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেবো না : মূখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ২২ অক্টোবর, ২০২৫। টাকারজলা মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিপাহিজলা জেলার উত্তর জম্পুইজলা ১২ টাকারজলা মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে জনজাতি অধ্যুষিত এলাকায় রাজনৈতিক ও উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হলো।

এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার জনজাতি মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে পদক্ষেপ নিচ্ছে।”

মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “জনজাতি মানুষদের উন্নয়নকে আর কেউ রুখতে পারবে না। অতীতে সিপিআই(এম)-এর সন্ত্রাস এবং ভয়ভীতির রাজনীতি জনজাতি অধ্যুষিত এলাকাগুলির অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছিল।

কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নেতৃত্বে সেই অন্ধকার অতীত থেকে মানুষ আলোর পথে হাঁটছে।”

তিনি আরও জানান, আগামী ২৪ অক্টোবর ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামী বাজার এলাকায় একটি বিশাল জনসভা ও দলত্যাগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৫,০০০-এরও অধিক জনজাতি অংশের মানুষ বিজেপির পতাকার নিচে একত্রিত হবেন, উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আস্থা রেখে।

টাকারজলা মন্ডল কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এদিনের অনুষ্ঠান ছিল উৎসবমুখর। এলাকার জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষদের মধ্যে ছিল দৃশ্যমান উৎসাহ।

তারা জানান, আজ বিজেপির উন্নয়নমুখী প্রকল্প ও মানুষের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোই তাদেরকে উদ্বুদ্ধ করেছে দল পরিবর্তনের সিদ্ধান্ত নিতে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে নতুন মন্ডল কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দেন, “রাজ্যের প্রত্যন্ত জনজাতি এলাকাগুলিতে মৌলিক চাহিদা পূরণ, শিক্ষার প্রসার এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নই আমাদের অগ্রাধিকার।

রাজ্য সরকার মানুষের জীবনের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।” রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, একসময় সিপিআই(এম)-এর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত টাকারজলা অঞ্চল আজ বিজেপির উন্নয়ন নীতির প্রতি আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

এদিনই বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ২১৬টি পরিবার বিজেপিতে যোগ দেন, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী বিকাশ দেববর্মার হাতে বিজেপির পতাকা তুলে নিয়ে উপস্থিত জনতার মুখে একটাই স্লোগান—উন্নয়নের পথে ভারত, উন্নয়নের পথে ত্রিপুরা।”

এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক ও জনজাতি উন্নয়নের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

Leave a Comment