অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৫: গত ১ অক্টোবর ২০২৫ তারিখে ভোর আনুমানিক ৬টা ০৯ মিনিটে ধর্মনগরের উপ-কারাগার থেকে মোট ছয়জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। বন্দিরা প্রধান ফটকে দায়িত্বে থাকা কারারক্ষীকে আক্রমণ করে পালিয়ে যায়।
সংশ্লিষ্ট কারাগারের তত্ত্বাবধায়ক ঘটনাটি সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষকে জানান। উত্তর ত্রিপুরার পুলিশ সুপারের নেতৃত্বে স্থানীয় পুলিশের দ্বারা প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হয়। আহত কারারক্ষীকে সঙ্গে সঙ্গেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
পালিয়ে যাওয়া বন্দিদের নাম হল-রহিম আলি (বিচারাধীন বন্দি), নারায়ণ চন্দ্র দত্ত (বিচারাধীন বন্দি), আব্দুল পাট্টা (বিচারাধীন বন্দি), নাজিম উদ্দিন (বিচারাধীন বন্দি), রোসান আলি (বিচারাধীন বন্দি) এবং সুনীল দেববর্মা (সাজাপ্রাপ্ত বন্দি)।
ঘটনার খবর পাওয়ার পরপরই কারা মহাপরিদর্শক ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান করেন। পাশাপাশি, রাজ্য আরক্ষা প্রশাসনের নেতৃত্বে দ্রুত অনুসন্ধান ও যাচাই প্রক্রিয়া শুরু হয়।
ঘটনার প্রাথমিক তদন্তে দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট একজন জেলর ও চারজন কারারক্ষীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে উত্তর জেলা প্রশাসক ও কালেক্টর দ্রুত ম্যাজিস্ট্রিয়াল তদন্ত রিপোর্ট দাখিল করবেন। ইতিমধ্যেই পলাতক বন্দিদের খোঁজে রাজ্য আরক্ষা প্রশাসন কর্তৃক অভিযান চালানো হচ্ছে এবং এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দুজন বিচারাধীন বন্দিকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে। আরক্ষা (জেল) দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








