অনলাইন ডেস্ক, ১৯ আগস্ট ২০২৫: আগামী ১২-১৪ সেপ্টেম্বর মেলাঘরের রাজঘাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তিনদিন ব্যাপী নীরমহল জল উৎসব। আজ মেলাঘর পুরপরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন।
ঐতিহ্যবাহী এই উৎসব সার্বিক সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য উচ্চশিক্ষামন্ত্রী আহ্বান জানান।
সভার সিদ্ধান্ত অনুসারে ১২ সেপ্টেম্বর বিকাল ৪টায় নীরমহল জল উৎসবের উদ্বোধন করা হবে। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মনসামঙ্গল প্রতিযোগিতা।
১৪ সেপ্টেম্বর আয়োজিত হবে সাঁতার, নৌকা বাইচ ও যোগাসন প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রস্তুতি সভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও সহকারী সভাধিপতি পিন্টু আইচ, মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা পাল রায় প্রমুখ।
অনুষ্ঠানকে সার্বিক সফল করার লক্ষ্যে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মনকে চেয়ারম্যান করে একটি প্রস্তুতি কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।








