দেশাত্ববোধের ভাবনায় ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক,১২ আগস্ট, ২০২৫: আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই দেশকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশাত্ববোধের ভাবনায় তাদের ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে।

আজ মোহনপুর পুর পরিষদের অফিস প্রাঙ্গণে মেগা ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এই মেগা ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করে কৃষিমন্ত্রী বলেন, জাতীয় পতাকা আমাদের জীবনের মূল স্রোতের সঙ্গে জড়িয়ে রয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচির মাধ্যমে প্রতি ঘরে জাতীয় পতাকা তোলা হবে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের পুথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই সমাজ তথা দেশ লাভবান হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, এডিসি’র কার্যনির্বাহী সদস্য রুমিয়েল দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য জয়লাল দাস, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ।

মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আয়োজিত এই ক্যুইজ প্রতিযোগিতায় মোহনপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করেছে হরিণাখলা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফটিকছড়া ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে মোহনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়।

Leave a Comment