বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগরতলায় স্বাধীনতা দিবস উদযাপন করা হবে

অনলাইন ডেস্ক, ১০ আগস্ট, ২০২৫: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আগরতলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে আসাম রাইফেলস ময়দানে। সেখানে ৯টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং প্যারেডে অভিবাদন গ্রহণ করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। ১৫ আগস্ট ভোর ৫টায় প্রভাতফেরীর মাধ্যমে দিনটির সূচনা হবে। সকাল ৭টায় সমস্ত সরকারি অফিস, বিদ্যালয়, মহাবিদ্যালয়, অঙ্গনওয়াড়িকেন্দ্র, পুরনিগম কার্যালয়, গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সকাল ৮টায় সার্কিটহাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল ইন্দ্রেসেনা রেড্ডি নান্নু।

সকাল ৮টা ১৫ মিনিটে গান্ধীঘাটস্থিত গান্ধী বেদিতে রাজ্যপাল পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। সকাল ৮টা ৩৫ মিনিটে লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ স্মৃতি সৌধে রাজ্যপাল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ১৫ আগস্ট সন্ধ্যা ৫ টায় আগরতলা টাউনহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় রাজভবনে অনুষ্ঠিত হবে অ্যাট হোম অনুষ্ঠান। ১৩ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হবে। ঐদিন সূর্যোদয়ের পর প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

১৪ আগস্ট শহর পরিচ্ছন্নতা কর্মসূচির অঙ্গ হিসেবে আসাম রাইফেলস ময়দান, সার্কিটহাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণ, গান্ধীঘাট শহীদস্মৃতি সৌধ সহ আগরতলা শহরে সাফাই অভিযান করা হবে। এছাড়াও সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানেও সাফাই অভিযান করা হবে। ঐদিন সকাল ৬টায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে মহিলা ও পুরুষ বিভাগে ওপেন ক্রসকান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে।

Leave a Comment