অনলাইন ডেস্ক, ৩১ জুলাই, ২০২৫: গৌরনগরে ২১ জন কৃষকের হাতে মিনি পাওয়ার টিলার, কৃষিক্ষেত্রে আধুনিকতার পথে রাজ্য।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বনির্ভর করে তুলতে কৃষি দপ্তরের উদ্যোগে আজ গৌরনগর আরডি ব্লক চত্বরে অনুষ্ঠিত হল মিনি পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠান।
এদিন ২১ জন কৃষকের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় আধুনিক কৃষিযন্ত্র — মিনি পাওয়ার টিলার, যার প্রতিটির বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, বিডিও নবারুন চক্রবর্তী, কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর সৌমেন নন্দী এবং অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিরা।
বিডিও নবারুন চক্রবর্তী বলেন, “যন্ত্রপাতির প্রয়োগই আধুনিক কৃষির চাবিকাঠি। রাজ্য সরকার যে দিশায় এগোচ্ছে, তাতে কৃষকের উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনই কমবে খরচ ও পরিশ্রম।
এই যন্ত্রগুলোর সঠিক ব্যবহার হলে আগামী দিনে আরও বড় পরিসরে কৃষকদের এই ধরনের সহায়তা দেওয়া সম্ভব হবে।”তিনি আরও জানান, যন্ত্র বিতরণের পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণেও জোর দিচ্ছে প্রশাসন।
সরকার চায়, রাজ্যের কৃষিক্ষেত্রে প্রযুক্তি যেন সাধারণ কৃষকের হাতেও সহজলভ্য হয়। অনুষ্ঠানশেষে প্রতিটি বেনিফিশিয়ারির হাতে আনুষ্ঠানিকভাবে মিনি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়। উপকৃত কৃষকরা বলেন, এই সহায়তা তাঁদের জীবিকায় বাস্তব পরিবর্তন আনবে।








