অনলাইন ডেস্ক, ৩০ জুন, ২০২৫ : সভ্যতার অগ্রগতিতে বিদ্যুৎ পরিষেবা অপরিহার্য। মানুষের প্রতিদিনের জীবনযাত্রা বিদ্যুৎ ছাড়া অচল। উন্নয়নমূলক কাজের প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ প্রয়োজন।
রাজ্যে বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর যোগান নিশ্চিত করতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে।
আজ রাণীরবাজারে নবনির্মিত ৩৩ কেভি বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্যটন, খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সাব স্টেশনের উদ্বোধন করে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের প্রতিটি প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে।
নতুন এই সাব স্টেশন চালু হওয়ায় রাণীরবাজার ও সংলগ্ন এলাকার বিদ্যুৎ ভোক্তাগণ স্থিতিশীল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন। এলাকাবাসীর প্রাত্যহিক জীবনযাত্রার উন্নয়নে তা ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি জানান, কেন্দ্রীয় সরকার ও বিশ্ব ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এই সাব স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি ৭০ লক্ষ টাকা। প্রসঙ্গক্রমে তিনি বলেন, রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবা সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে।
এর পাশাপাশি ভোক্তাদেরও দায়িত্ব সময়মত বিদ্যুৎ এর বিল পরিশোধ করা। আলোচনায় তিনি পিএম সূর্যঘর যোজনার কথাও তুলে ধরেন।
খাদ্য ও পরিবহণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এক সময় রানীরবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য খয়েরপুর বা জিরানীয়া সাব স্টেশনের উপর নির্ভর করতে হত।
তাতে অনেক সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানে সমস্যা দেখা দিত। রাণীরবাজার সাব স্টেশনটি চালু হওয়ায় এলাকাবাসী এখন থেকে আরও ভালো বিদ্যুৎ পরিষেবা পাবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস।
উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, রণজিৎ রায় চৌধুরী প্রমুখ।








