অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: রাজ্য সরকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার পরিকাঠামো উন্নয়নে অধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রামাঞ্চলের শিক্ষা পরিকাঠামো আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
ফলে শহরের ছাত্রছাত্রীদের সাথে পাল্লা দিয়ে এখন গ্রামে বসবাসকারী ছাত্রছাত্রীরাও বোর্ডের পরীক্ষায় ভালো ফলাফল করছে।
আজ বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে আয়োজিত এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহম্মদ সাজ্জাদ পি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলোনীয়া পুর পরিষষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিএসই মিলে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দক্ষিণ ত্রিপুরা জেলার মোট ৪০ জন কৃতি ছাত্রছাত্রীকে আজ সংবর্ধনা জানানো হয়।
জেলার ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৪৫ জন কৃতি ছাত্রছাত্রীকে শিক্ষা দপ্তর থেকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের উদ্বোধক সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আরও বলেন, শিক্ষার গুণগত মান বজায় রাখার জন্য রাজ্য সরকার স্বচ্ছ নিয়োগনীতির মাধ্যমে মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করছেন।
ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও আজ পরীক্ষায় ভালো ফলাফল করছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার।
সিবিএসই বোর্ডের অধীন মাধ্যমিকে প্রথম ১০ জনে স্থান করে নেওয়া কৃতি ছাত্র সুরজ বসু বক্তব্য রাখেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিগণ কৃতি ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও শুভেচ্ছা তুলে দেন। অনুষ্ঠানের শুরুতেই গতকাল আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের প্রতি শোক জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।








