অনলাইন ডেস্ক, ১৩ জুন, ২০২৫: রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নির্দেশে আজ মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক বৈঠক মহাকরণে অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক শ্রী অনুরাগ, স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, বিএসএফ-এর আইজি সহ কেন্দ্রীয় সরকারের নিরাপত্তামূলক বিভিন্ন সংস্থার পদস্থ আধিকারিকগণ অংশ নেন।
বৈঠকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। গত তিন মাসে রাজ্যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা হ্রাস পেয়েছে বলে সীমান্ত রক্ষী বাহিনী সূত্রে জানানো হয়েছে।
নিরাপত্তা রক্ষার কাজে যুক্ত সকল সংস্থাগুলির সাথে সমন্বয় সাধন করে কাজ করার উপর বৈঠকে আলোচনা হয়। অনুপ্রবেশ রোধ এবং সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়গুলির উপর রাজ্য সরকার প্রতিনিয়ত নজরদারি রাখছে।
অনুপ্রবেশকারীদের যথাযথভাবে ফিরিয়ে দেওয়া ও গ্রেপ্তারের বিষয়ে বিএসএফ এবং আইন-শৃঙ্খলার কাজে নিয়োজিত সংস্থা সমূহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলিও সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত সংযোগ রক্ষা করে সীমান্ত সুরক্ষার কাজ করছে।








