অনলাইন ডেস্ক, ১৯ মে, ২০২৫: ত্রিপুরার ঊনকোটি জেলার পাহাড়ি জনপদের অন্তর্গত পাবিয়াছড়া বিধানসভার অধীনে দ্বারচই থেকে মাছমারা যাবার রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিনের।
বিশেষত যামিনী পাড়া এলাকায় প্রায় দুই থেকে তিন কিলোমিটার দীর্ঘ সড়ক বর্তমানে সম্পূর্ণ ভগ্নদশায় পরিণত হয়েছে। বর্ষা এলেই কাদামাটির স্তূপে পরিণত হয় রাস্তাটি, শুষ্ক মৌসুমে ধুলোর ঝড়ে নিঃশ্বাস নেয়া দুষ্কর হয়ে ওঠে।
এই রাস্তাটি শুধু একটি যোগাযোগের পথ নয়, এই পথ দিয়েই প্রতিদিন স্কুলগামী ছাত্রছাত্রী, কৃষক, দিনমজুর ও বাজারে যাতায়াতকারী সাধারণ মানুষ চলাচল করেন। বিশেষ করে স্থানীয় উপজাতি জনগোষ্ঠীর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই সড়ক।
কিন্তু বহু বছর ধরে কোনরকম সংস্কার না হওয়ায় আজও উন্নয়নের মুখ দেখেনি এলাকাবাসী। সম্প্রতি এক উপজাতি রমণী ক্ষোভ প্রকাশ করে জানান, “প্রতিবার ভোটের সময় নেতারা এসে উন্নয়নের ভাষণ দেন। আমাদের রাস্তা ঠিক করে দেবে বলেও প্রতিশ্রুতি দেন।
কিন্তু ভোট শেষ হলে আর কেউ আসে না। আমরা কষ্ট করে বাচ্চাদের স্কুলে পাঠাই, অসুস্থ রোগীকে বাঁশের খাটে বয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। এটা কি উন্নয়ন?”স্থানীয় মানুষেরা রাস্তাটি দ্রুত মেরামতের দাবি তুলেছেন।
তাঁরা জানান, এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমে পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোন স্থায়ী পদক্ষেপ নেয়া হয়নি।







