অমরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ক্ষতিপূরণ বাবদ আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়ার সূচনা

অনলাইন ডেস্ক, ১৩ মে, ২০২৫: আজ অমরপুর পুরাতন টাউনহলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ক্ষতিপূরণ বাবদ আর্থিক অনুদান দেওয়ার প্রক্রিয়ার সূচনা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানের সূচনা করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।

অনুষ্ঠানে বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস, অমরপুর বি.এ.সি.-র চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা করে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, কৃষকগণ হচ্ছেন আমাদের অন্নদাতা। রাজ্য সরকার কৃষকদের কল্যাণে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। প্রতি বছর কৃষকদের উৎপাদিত ধান সহায়কমূল্যে ক্রয় করা হচ্ছে।

কম জায়গায় যাতে বেশি ফলন হয় তারজন্য উন্নতজাতের বীজ সরকার সরবরাহ করছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান ও বিভিন্ন জাতের ফসল চাষ করে অধিক অর্থনৈতিক উন্নতির জন্য সরকার কৃষকদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে অমরপুর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কৃষি তত্ত্বাবধায়ক সুমিত ভট্টাচার্য জানান, অমরপুর কৃষি মহকুমায় বিগত বন্যায় ১২ হাজার কৃষকের বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। সেই কৃষকদের মধ্যে আজ ক্ষতিপূরণ বাবদ আর্থিক সাহায্য দেওয়ার সূচনা হয়। প্রতিটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের টাকা জমা হবে।

Leave a Comment