অনলাইন ডেস্ক, ১৩ মার্চ, ২০২৫: খোয়াই জিলা পরিষদের কনফারেন্স হলে আজ সামাজিক ন্যায় বিচার স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বর্ষা দেববর্মা (শীল)র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় (দত্ত), সহ সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
সভায় স্থায়ী কমিটির সভাপতি বর্ষা দেববর্মা (শীল) বিভিন্ন উন্নয়নমূলক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় পিএম মাত্রু বন্দনা যোজনায় এখন পর্যন্ত ১,৬৫১ জন সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এইজ পেনশনের আওতায় খোয়াই জেলায় ভাতা পাচ্ছেন ১৩,৩২৪ জন। জেলায় মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় আনা হয়েছে ২,৮২৫ জনকে এবং বিধবা ভাতার আওতায় আনা হয়েছে ২,৫১০ জনকে।








